আইয়ুব আলী, ময়মনসিংহ :: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, মন্ত্রনালয়ে বসে বুঝতে পারছি গত ১৭ বছর কিভাবে মন্ত্রনালয় চলেছে। যেভাবে পারা যায় সেইভাবে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পরিচালনা করা হয়েছে। কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি। এখন সবই চলবে নিয়মের ওপর। আজ বৃহস্পতিবার দুপুরে তিনদিনের সরকারি সফরে নিজ এলাকা নান্দাইলে এসে প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ সব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন,দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমামলার আওতায় আনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এ বিষয়ে কথা হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন তাঁদেরকে সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে। তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করতে চায় না। কারণ স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র বিকাশে অপরিহার্য বলে মনে করেন প্রধানমন্ত্রী।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তিনদিনের সরকারি সফরে আজ বেলা ১২ টার দিকে নান্দাইলে আসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও শপথ গ্রহনের পর নান্দাইলে এটি তাঁর প্রথম সফর। নান্দাইলে পৌছার পর সদরে অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে পুলিশের একটি চৌকষ দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। সেখানে উপস্থিত ছিলেন নান্দাইলের ইউএনও ফাতেমা জান্নাত।
প্রটোকল শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। সম্মিলিত সাংবাদিক সমাজ, নান্দাইল ও গফরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে প্রেসক্লাব মিলনায়তনে স্বাগত জানানো হয়। সেখানে তিনি বক্তব্য প্রদানের সময় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণ ও কল্যাণ তহবিল থেকে নীতিমালা অনুযায়ী সহায়তা প্রদানের আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী পরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নানা পরামর্শ ও নির্দেশ প্রদান করেন। পরে তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন।













